দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি ধান ক্ষেত থেকে আব্দুল হাকিম (৩২) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের নেংড়া কালী গ্রামের জালগাও ব্রিজ সংলগ্ন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হাকিম নেংড়া কালী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
স্থানীয় এলাবাসী সকালে ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল হক প্রধান, ইউপি চেয়ারম্যান মো. জাফরুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে আব্দুল হাকিম নাইট কোচের ভাড়া ধরতে ইঞ্জিন চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়েছিল। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল হক প্রধান।