সিসি নিউজ : টঙ্গী তুরাগ নদীর তীরে আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আগামী ২৪ নভেম্বর বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে চলতি বছরের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমায় প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ অনুসারি অংশ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সদস্য মাওলানা গিয়াস উদ্দিন। তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব ইজতেমা ফের শুরু হয়ে ১৭ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, ২০ নভেম্বর থেকে টঙ্গীতে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা উপলক্ষে মুসল্লীদের নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও তার আশপাশ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।