বিনোদন ডেস্ক : আতিকা রহমান মমর বয়স মাত্র ১০ বছর। এ অল্প বয়সেই সে বিস্মিত করার মতোই এক গান গেয়েছে এবং সেই গানের মিউজিক ভিডিওতে মম নিজেই মডেল হয়েছে। আর তাই মম হয়ে উঠেছে বাংলাদেশের গানের ভুবনে নতুন এক বিস্ময় বালিকা। ফরিদ আহমেদের সুর ও সংগীত পরিচালনায় রবিউল ইসলাম জীবনের কথায় মম এবারই প্রথম একটি দেশের গান গেয়েছে। গানের কথা হচ্ছে ‘শোনো শোনো বাংলাদেশ শোনো’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্যনির্মাতা দীপু হাজরা। এ মিউজিক ভিডিওতে মমর গানে মডেল হয়ে সহযোগিতা করেছেন নায়করাজ রাজ্জাক, সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন, ফুটবলার সালাউদ্দিন, অভিনেতা মীর সাব্বির, অপূর্ব, দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিমসহ তিন হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি দেশের ১৩টি জেলার ঐতিহাসিক নিদর্শন ও মনোরম পরিবেশে মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে। মমর এ ব্যয়বহুল মিউজিক ভিডিওটি আসছে বিজয়ের মাসের প্রথমদিন থেকেই দেশের সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়স থেকে মম বাংলাদেশ টেলিভিশনে গান গাইছে। গানের পাশাপাশি অভিনয় এবং বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। ন্যাচারাল মেহেদীর বিজ্ঞাপনে মম প্রথম একক মডেল হিসেবে কাজ করে মাত্র সাত বছর বয়সে। দীপু হাজরার ‘রোজাদার’ নাটকে তার প্রথম অভিনয় করা। এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার অভিনীত ফজলুর রহমান পরিচালিত ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। মম অভিনীত একমাত্র চলচ্চিত্র বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’।