সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের আধুনিক সবজি বাজারের কাছে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মতিন নামে তার এক সহপাঠী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম জেলা সদরের সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সৈয়দপুর কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। আহত মতিনকে গুরুতর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রফিকুল ও মতিন সকালে কলেজে যাচ্ছিল। পথে সবজি বাজারের কাছে এলে রংপুরগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এসময় আহত হন মতিন।
ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে সটকে পড়ে। তাই বাসটি আটক করা সম্ভব হয়নি।
এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।