আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জাপানের উপকূলীয় অঞ্চলে ভেসে এসেছে রহস্যময় ১১টি কাঠের জাহাজ। যার মধ্যে ২২টি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। জাহাজগুলোকে রহস্যময় বলা হচ্ছে কারণ, এগুলো ঠিক কোথা থেকে এসেছে বা জাহাজের ভেতরে কঙ্কালে পরিণত হওয়া মানুষগুলোই বা কারা- তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে টেলিভিশন এই খবর জানিয়েছে।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ভেসে আসা জাহাজগুলো ঠিক কোন দিক থেকে এসেছে সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই।
এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে প্রথমে চারটি কাঠের জাহাজ উপকূলীয় এলাকায় ভেসে আসে। এরপর চলতি সপ্তাহে ভেসে আসে আরও সাতটি একই ধরনের জাহাজ। শেষ জাহাজটি ভেসে আসে গত মঙ্গলবার রাজধানী টোকিও থেকে ২৫০ মাইল উত্তরে অবস্থিত ফুকুই বন্দরের কাছে। তল্লাশি চালিয়ে কোস্টগার্ড তিনটি কঙ্কাল উদ্ধার করে।
জাহাজটির ভেতরে পাওয়া এক টুকরো কাপড়ের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, তা উত্তর কোরিয়ার পতাকার একটি অংশ হতে পারে। হয়ত উত্তর কোরিয়ার কিম জং উন সরকারের শাসন থেকে মুক্ত হতে এসব মানুষ সমুদ্র পাড়ি দিয়েছিল।
কোস্টগার্ড আরও জানায়, জাহাজগুলোতে পাওয়া মৃতদেহগুলোর অধিকাংশই পচে প্রায় কঙ্কালের রূপ নিয়েছে। ফলে তাদের পরিচয় বের করা সম্ভব হয়নি। সূত্র: দ্য মিরর।