সিসি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফিকে একই ফোন নম্বর থেকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সর্বহারা পার্টির পরিচয়ে এ হুমকি দেওয়া হয়।
অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে আমার অফিসে বসেছিলাম। ৭টা ৩৫ মিনিটে একটি মুঠোফোন নম্বর (০১৬২৫২৯৩২০১) থেকে আমার ফোনে কল আসে। এ সময় আমাকে বলা হয়, আপনি বাইরে না বাসায়? উত্তরে বলি, বাইরে। তখন তিনি বলেন, বাসায় যান আমি আসছি। এ সময় তার পরিচয় জানতে চাইলে আমাকে বলা হয়, আমি সর্বহারা পার্টির রণজিৎ। এই বলে ফোন রেখে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘রাতেই বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে জানিয়েছি। প্রয়োজনে শনিবার থানায় সাধারণ ডায়েরি করব।’
ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি বলেন, ‘সন্ধ্যায় আমি বাসায় ছিলাম। ৭টা ৪৬ মিনিটে আমার ফোনে একটি নম্বর (০১৬২৫২৯৩২০১) থেকে কল আসে। আমাকে বলা হয়, আপনি বাসায় না বাইরে? তখন আমি বলি, বাসায়। তিনি বলেন, থাকেন আমরা আসছি। এ সময় আমি বলি, আমি তো অসুস্থ, তাই আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। তিনি বলেন, তাহলে আমাদের টাকা দেন। আমাদের ছেলেরা ভেলোর (ভারত) ও দেশে চিকিৎসাধীন রয়েছে। এর জন্য বিপুল পরিমাণ টাকা দরকার। তখন আমি বলি, আমি আবসরপ্রাপ্ত শিক্ষক। আমার কাছে তেমন টাকা নেই। আমি টাকা দিতে পারব না। এতে তিনি রেগে গিয়ে বলেন, ঠিক আছে, পরে নিজের বা আপনার সন্তানদের কিছু হলে আমরা দায়ী হব না। এ সময় তার পরিচয় জানতে চাইতে তিনি বলেন, আমি সর্বহারা পার্টির কমরেড মতিন।’
তিনি আরও বলেন, ‘আমি রাজশাহীতে থাকছি। শনিবার থানায় বিষয়টি জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমাকে বিষয়টি এখনো জানানো হয়নি। যদি জানানো হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমি বিষয়টি শুনিনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর উপমহাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হুমকি দেওয়া হয়। এ হুমকির পেছনে কারা জড়িত তা এখনো বের করতে পারেনি পুলিশ। এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।