দিনাজপুর প্রতিনিধি : ‘এইডআইভি সংক্রামণ ও এইডস মৃত্যু নয় একটিও আর-বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে দিনাজপুর সিভিল সার্জন অফিস ও বেসরকারি সংস্থার আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিশু একাডেমী অডিটোরিয়ামে গিয়ে শেষ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. অমলিন্দু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. খাদিজা নাহিদ ইভা, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমদাদুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মহসিন আলী, এফপিএবি’র জেলা কর্মকর্তা মো. জাফরুল বারী, লাইট হাউজ আরসিসি প্রকল্পের ডিআইসি ম্যানেজার মো. শফিউল আজম, কারিতাসের ফিল্ড অফিসার সুরাইয়া বেগম, অনুঘটকের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এইডস এমন একটি মহামারি যাতে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। তবে একটু সচেতন থাকলে এই রোগ থেকে বিরত থাকা যায়। সম্মিলিত সচেতনতার মাধ্যমে ও নিজ নিজ ধর্মের আইন মেনে চললেই আমরা এই্ডস’র মতো ভয়াবহ ব্যাধি থেকে দুরে থাকতে পারবো। আর এ জন্য আমাদের অবশ্যই এইডস বিষয়ক সচেতনতা প্রতিরোধক ধারণা নিতে হবে এবং ধর্মীয় বিধি-বিধান মেনে চলতে হবে।
র্যালী ও আলোচনা সভায় সিভিল সার্জন ডা. অমলিন্দু বিশ্বাস, জেলা প্রশাসন, পরিবার-পরিকল্পনা বিভাগ, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, দিনাজপুর সেবা ইনস্টিটউট, দিনাজপুর পৌরসভা, বেসরকারি সংস্থা আরডিআরএস, কাঞ্চন সমিতি, এফপিএবি, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী, কারিতাস, লাইট হাউস, আরএইচ স্টেপ, হেল্প, অনুঘটক, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, কেয়ার বাংলাদেশ, আলোহা স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্কাউটের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এবার বিশ্ব এইডস দিবস পালনের ২৮ বছর পূর্তি হলো। ১৯৮৮ সাল থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হচ্ছে।