সিসি নিউজ: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে তিনি জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে ওই সভার আয়োজন করে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গীর সভাপতিত্বে মতবিনিময় সভার দুদকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনজুর আহম্মেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক লায়ন নজরুল ইসলাম প্রমূখ।