ঢাকা: মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, বিয়ের ন্যূনতম বয়স ১৬ হলে মানবে না নারীসমাজ। শনিবার জাতীয় প্রেসক্লাবে নারী নির্যাতন বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সালমা আলী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের নিচে হলে নারীসমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ১৮ বছরের নিচে একজন মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। আমরা রেডি আছি, আইন হলেই আদালতে যাব।’ মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করা হলে সেটাও নারীবান্ধব হবে না বলে উল্লেখ করেন তিনি।
মানিকগঞ্জে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকায় যা আসে বাস্তবে তার থেকে আরো বেশি ঘটনা ঘটে। প্রতিরোধমূলক ব্যবস্থা থাকলে অপরাধ অনেক কম হয়। ঘরের ভেতর থেকে প্রতিরোধ আরম্ভ করতে হবে। এলাকাভিত্তিক প্রতিরোধ করতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, মহিলা ও শিশু অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ। নারী ঐক্য পরিষদ এ সেমিনারের আয়োজন করে।