গাইবান্ধা: দিনাজপুরের কান্তজির মন্দিরে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মনোহরপুর ও গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুমন, ইকবাল হোসেন, খোকা মিয়া ও ফরহাদ হোসেন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।
পলাশবাড়ি থানার ওসি মুজিবুর রহমান জানান, সম্প্রতি দিনাজপুরে কান্তজির মন্দিরে বোমা হামলার ঘটনায় পলাশবাড়ি থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে মন্দিরে হামলার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে কান্তজীর মন্দিরে রাসমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছিলো পুলিশ। ঘটনার দিন মেলা থেকে গভীর রাতে তিনজন ও পরেরদিন দুইজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করেছিল।