আন্তর্জাতিক ডেস্ক: রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে মার্কিন পরিবারটি টেবিলে একটি ছোট্ট ব্যাগ ফেলে গিয়েছিল। টেবিল পরিস্কার করতে গিয়ে সেই ব্যাগের খোঁজ পেল ওয়েটার। আর এটি খুলেই তো চক্ষু চড়কগাছ। কারণ এতে ছিল ৩২ হাজার ডলার,যা ওই ওয়েটারের বার্ষিক বেতনের সমান। তবে লোভের কাছে পরাজিত না হয়ে পুরো টাকাটাই ওই কাস্টমারকে ফেরত দিয়েছেন ওয়েটার।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যাপলবি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার একটি পরিবার রেস্টুরেন্টে খাওয়া শেষে একটি ছোট্ট ব্যাগ ফেলে যায়। এতে নগদ ৩২ হাজার ডলার ছিল। ওই টেবিলের দায়িত্বে থাকা ওয়েটার পরিস্কার করতে গিয়ে ব্যাগটির খোঁজ পায়। অ্যাপলবিতে ১০ বছর ধরে কর্মরত ওই ওয়েটারটি পরে ব্যাগটি এনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের হাতে এনে দেয়। পরে কর্তৃপক্ষ এটি পুলিশের কাছে দিয়ে দেয়।
এ ব্যাপারে অ্যাপেলবির আঞ্চলিক পরিচালক ক্যারি হেলইয়ার বলেন, ‘ সে (ওয়েটার) জানিয়েছে, ফেরত দেওয়াটাই প্রকৃত বিষয়। আর সে প্রকৃত বিষয়টি অন্যকিছুর মাধ্যমে পরিবর্তিত হয়ে যাক, সেটা সে চায় না।’
পুলিশ পরে খোঁজখবর নিয়ে ওই পরিবারটির কাছে টাকার ব্যাগটি ফেরত দিয়েছে। পরিবারের পক্ষে থেকে এই সততার জন্য ওই ওয়েটারকে পুরস্কৃত করার চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি।