মাহবুবুল হক খান, দিনাজপুর : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ যারা জঙ্গী ও মানুষ হত্যার সাথে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহবান জানিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ চিরতরে র্নিমুল করতে চাই। জঙ্গীবাদ দমন করে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে গড়ে তুলতে চাই।
তিনি সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে মেলা প্রাঙ্গনে আয়োজিত অপরাধ প্রতিরোধমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনাজপুর র্যাব-১৩ এ সভার আয়োজন করে।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বেনজির আহমেদ আরো বলেন, বাংলাদেশ সম্প্রীতির, শান্তির ও মানবাধিকারের দেশ। এদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। এদেশে কোন জঙ্গী তৎপরতা থাকতে পারে না। আমরা সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গীদের মূলোৎপাটন করবো। যারা জঙ্গী ও মানুষ হত্যার সাথে জড়িত, সময় থাকতে তাদের আইনের কাছে সোপর্দ করুন। তা নাহলে এদেশের ১৬ কোটি মানুষ আপনাদের খড়ের পয়াল হতে আলপিনের মতো খুজে বের করবে। তিনি বলেন, জঙ্গীদের কোন ধর্ম নেই। তারা মনে করে মানুষ মেরে ধর্ম প্রতিষ্ঠা করা যায়। কিন্তু খুন হত্যা ও অশান্তি সৃষ্টি করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। ধর্ম যার যার, উৎসব সবার। প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই কথাটিকে মনে প্রানে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি একত্রিত হতে পারি তবে গুটি কয়েকজন মানুুষ আমাদের ক্ষতি করতে পারবে না। দেশের ১৬ কোটি মানুষকে র্যার-পুলিশের মত হতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রংপুর পুলিশের ডিআইজি মো. হুমায়ুন কবির, দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর র্যাব-১৩ এর পরিচালক ফরহাত হোসেন ও মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামনুর রশিদ চৌধূরী, রাজ দেবোত্তর এ্যাস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্তঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে র্যাবের মহাপরিচালক ইসকন মন্দিরে গুলি-বোমা হামলা করে পালানোর সময় জনতার হাতে আটক শরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেনকে আটক করার কাজে সহযোগিতা করায় ২০ জন সাধারন নাগরিককে আর্থিকভারে পুরস্কৃত করেন তিনি।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রাম ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়। মন্দিরে গুলি-বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন নামে দুই জনকে আটক করে পুলিশে দেয়।