কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গভীর রাতে কে বা কারা অগ্নি সংযোগ করেছে।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞাসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাধারণ সস্পাদক জয়নাল আবেদীন উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতে পুলিশ উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুর রশিদ মিলিটারীকে গ্রেফতার করে।
জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উলিপুর পৌর এলাকার বকুলতলা বাজারে মেয়র প্রার্থী আব্দুল হামিদ সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে। শুক্রবারই আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে বিএনপিকে দায়ী করে রিটার্নিং অফিসারকে অভিযোগ দিলে তিনি বিষয়টি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।
এদিকে, মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে অনেকেই গ্রেফতার আতংকে গা-ঢাকা দেয়ায় বিএনপি প্রার্থীর কার্যালয়গুলোতে জন সমাগম কমে যায়।
অন্যদিকে, বিএনপি এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল শনিবার বিকাল ৩ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।
থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন, মামলা দায়েরের ঘটনা স্বীকার করেছেন।