গাজীপুর: গাজীপুরে একটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে র্যাবের অভিযানের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন র্যাব সদস্যও আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের যুগীতলায় একটি পরিত্যক্ত ভবনে এই অভিযান চালায় র্যাব।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, অভিযান চলাকালে ভবনে উপস্থিত জঙ্গিরা র্যাবের উপর বোমা নিক্ষেপ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই জঙ্গি নিহত হয়।
জঙ্গিদের বোমা হামলায় র্যাবের একজন সদস্যও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ওই ভবন থেকে ৫ রাউন্ড গুলি, একটি পিস্তল, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জেএমবির সাংগঠনিক বই উদ্ধার করেছে র্যাব।
র্যাবের দাবি, জঙ্গিরা তাদের উপস্থিতি টের পেয়ে বোমা নিক্ষেপ করলে র্যাব গুলি চালায়। পরে রাত আড়াইটার দিকে অভিযান শেষে ভবনের ভেতরে গিয়ে দুটি মৃতদেহ দেখতে পায়।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র্যাব। তবে মুফতি মাহমুদ খান বলেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র্যাব ধারণা করছে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মিরপুরে এবং শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।