বিনোদন ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মরণে ১ জানুয়ারি থেকে আয়োজন করা হচ্ছে ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’।
সম্প্রতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
এ বছর যৌথভাবে এ আয়োজন করছেন তারা। রাজধানী ঢাকার শিশু একাডেমি চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ স্মরণোৎসব। সন্ধ্যার আয়োজনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ ছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সাত গুণীজনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। মরণোত্তর সম্মাননা দেওয়া হবে পরিচালক চাষী নজরুল ইসলামকে।
উৎসব সাজানো হবে মান্না অভিনীত চলচ্চিত্রের বিভিন্ন গান নিয়ে। এতে অংশ নেবেন প্রয়াত এ নায়কের সহশিল্পীরা। মৌসুমী ও পপির উপস্থিতির পাশাপাশি দিনব্যাপী থাকবে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান। কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তরও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘শুধু শোকের মাধ্যমে নয়, মান্নাকে আমরা উৎসবের মধ্য দিয়ে স্মরণ করতে চাই। তার অসমাপ্ত কাজ ও স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে চলচ্চিত্র-সঙ্গীতাঙ্গনের তারকা ও স্বজনদের নিয়ে আমরা এর শুভ সূচনা করব’।