রংপুর: সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যাকাণ্ডকে নৃশংস ও স্পর্শকাতর উল্লেখ করে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেছেন, খুব কম সময়ের মধ্যেই অভিযুক্তরা ধরা পড়বে। অযথা কেউ হয়রানি হবে না। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদারকি করছি।
সংবাদিক উৎসের খুনিদের গ্রেফতার এবং দৃষ্টাতমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার এই আশ্বাস দেন।
এর আগে রংপুর প্রেসক্লাব থেকে সম্মিলিতি সাংবাদিক সমাজের ব্যানারে রংপুরে কর্মরর্ত সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে ডিসি ও এসপি অফিস ঘেরাও করে স্মারকলিপি দেন। মিছিলে রংপুরে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় এসপি বলেন, এখন পর্যন্ত একজন মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাই মাদকের সাথে সংশ্লিষ্ট। মূল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ সময় তিনি সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনে পুলিশ স্কোয়াড দেয়ারও আশ্বাস দেন।