রংপুর: মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে জেলা ও মহানগর জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে হরতালের সমর্থনে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী রংপুর নগরীতে হরতালের ডাক দেওয়া হয়েছে। তারপরও যদি প্রশাসন জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, জাপা নেতা ইয়াসিরের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন মাঠে থাকবে বলে জানান তিনি।