দিনাজপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠত হবে। সম্মেলনকে সামনে রেখে ফোরামের জেলা ইউনিটের পক্ষ থেকে ইতঃমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে আইনজীবী ফোরামের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দীন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মো. সানাউল্লাহ মিয়া, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ব্যারিষ্টার রাগিব রৌফ চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করবেন ফোরামের জেলা ইউনিট সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম ও উপস্থাপনা করবেন ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিবুল্লাহ।
জেলা আইনজীবী ফোরাম নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. মো. আসির উদ্দীন জানান, সম্মেলনে তিন বছরের জন্য আইনজীবী ফোরাম জেলা ইউনিটের কমিটি গঠন করা হবে। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে। সভাপতি ও সহ-সভাপতিসহ অন্য কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের নাম সম্মেলনে ঘোষণা করা হবে।
আসির উদ্দীন আরো জানান, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- এ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, এ্যাড. আ ন ম হাবিবুল্লাহ ও এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন- এ্যাড. আনোয়ারুল আজিম খোকন, এ্যাড. রইস উদ্দীন ও এ্যাড. আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক। ১৬৪ জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন।
সম্মেলন সফল করতে নির্বাচন ও সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে ফোরামের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।