ঢাকা : সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা নতুন পাঠ্যপুস্তকের কয়েকটি ভুল উল্লেখ করে এ বিষয়টির ওপর সংশ্লিষ্ট মন্ত্রীকে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরায়েজী।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত প্রশ্নে এই আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য ফরায়েজী। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘এই ধরনের বই কী ভাবে ছাপালো। আপনারা কি কিছু দেখেন না? আমরা মনে করি, শিক্ষামন্ত্রী মহোদয়সহ এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের একটু দায়িত্ব নেয়া উচিত।’
তিনি বলেন, ‘ভাল কমিটি দ্বারা দেখে বই ছাড়া উচিত ছিল। এটার কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’
তিনি এ ব্যাপারে মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা এসব ঘটিয়েছে একটি কমিটি করে তাদের প্রতি ব্যবস্থা নিন। কারণ, ভবিষ্যতে আমরা এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর দেখতে চাই না।’