দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ৭ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে এবং ৩১৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, দ্বিতীয় দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ১৬৭জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৩১৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর হার ০.২৩ শতাংশ। ওই পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে গাইবান্ধা জেলায় ৭ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এবারে রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৫৮টি বিদ্যালয় হতে ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩২ হাজার ৮১৫, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৮৩৫ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫০ জন। ২৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।