ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হানিফা বেগম পান্না (৪৫) নামে পল্লীবিদ্যুৎ অফিসের এক কর্মচারি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফা বেগম পান্না (৪৫) ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া শিমুলতলা এলাকার আবু সাইদের স্ত্রী।
এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- পল্লীবিদ্যুতের কর্মচারি মিঠু, জান্নাতুল, জাকিয়া, নিলুফা ও অটোচালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হানিফা বেগম অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে একটি অটোচার্জার গাড়িতে চার সহকর্মীসহ বাসায় ফিরছিলেন। কয়েকশ গজ না যেতেই একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হানিফা বেগমের মৃত্যু হয়। অন্য পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।