দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইসমত আরা নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১১ ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় উপজেলার বন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ইসমত আরা (রোল নং-২০৩১০০) ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে তার পিতার সঙ্গে বাইসাইকেলে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসছিল। রাস্তায় চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি যাত্রিবাহি বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে পরীক্ষার্থী ও তার পিতা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোরশেদ উল-আলম ও স্থানীয় লোকজনের পরীক্ষার্থী মেয়ে ও তার পিতাকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দু’জনকে দিমেক হাসপাতালে প্রেরন করে। দিমেক হাসপাতালে পৌঁছার পর চিকিৎসা দিয়ে তাকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পরে আহত অবস্থায় মাথায় ব্যান্ডেজ নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করে।