ঢাকা: রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে ২ দিন বয়সী চুরি হওয়া এক শিশু বিক্রির সময় হাতেনাতে চার দুর্বৃত্তকে আটক করেছে র্যাব।
এদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। তবে অধিকতর তদন্তের আগে আটককৃতদের নাম জানাতে চায়নি র্যাব। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত আছে।
র্যাবের একটি সূত্র জানায়, একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপ ১ লাখ টাকা লেনদেন করছিল। গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে শান্তিবাগ চেয়ারম্যান বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চারজনকে আটক করা হয়। এ সময় দুই বছর বয়সি এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি তাদের জিম্মায় ছিল। তাকে পাচার করা হতো বলে ধারনা করা হচ্ছে।
সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক রুম্মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পরে বিস্তারিত জানানো হবে।