রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় বাসচাপায় রবিউল ইসলাম (৩২) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বাঘা মাজার শরিফের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত আরমান আলীর ছেলে এবং বাঘা উপজেলা যুবলীগের সদস্য।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে রবিউল ইসলাম বাঘা মাজার শরিফের গেটের সামনে মোটরসাইকেল রেখে রাস্তা অতিক্রম করছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী বনভোজনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মাইনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, ‘এ দুর্ঘটনার পরপর পার্শ্ববর্তী লালপুর থানা পুলিশের সহযোগিতায় ওই বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহতের স্বজনরা থানায় অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’