দিনাজপুর প্রতিনিধি : বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০১৯ সালের মধ্যে দেশের কোথাও বিদ্যুৎ সমস্যা থাকবে না। শুধু তাই নয়, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রেও ব্যাপক কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফতেজংপুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন গ্রামে ৪১০টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশের কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেডএইচ মোহাম্মদ আলী শামিম, উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী ফিরোজ হোসেন, এজিএম আব্দুল আলিম, মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, যুগলীগ সম্পাদক সোলেমান গণি প্রমূখ।
পরে মন্ত্রী এলজিইডির ব্যবস্থাপনায় আলোকডিহি ইউনিয়ন থেকে পীরেরহাট পর্যন্ত, দগরবাড়ি হতে ডাঙ্গারহাট, বিন্যাকুড়ি বোর্ড স্কুল হতে দক্ষিণনগর গুচ্ছগ্রাম ও করঞ্জি গ্রামে পুনট্টি ইউনিয়ন অফিসের কাঁচা রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।