সিসি নিউজ : দিনাজপুরের নবাবগঞ্জে স্কুলের একটি পিকনিকের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছে। সোমবার সকালে নবাবগঞ্জ-স্বপ্নপুরী সড়কের নন্দনপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্কুল এন্ড কলেজের পিকনিক বাসটি ওই স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে নবাবগঞ্জের স্বপ্নপুরীতে যাচ্ছিল। সকালে নবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের নন্দনপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী খালেদ হাসান রকি (২৪) নিহত হয়। নিহত মোটরসাইকেল আরোহী নবাবগঞ্জের কচুয়ার শহীদুল ইসলামের পুত্র। এ দূর্ঘটনায় বাসের হেলপার ও চার শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আহত হেলপার ও শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।