ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এসিড নিক্ষেপ করে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। তানিয়া দক্ষিণ মৌড়াইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে তানিয়া তার নিজ ঘরের টয়লেট থেকে বের হওয়ার সময় রান্নাঘর থেকে অজ্ঞাত দুই যুবক তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তানিয়া মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ফাইজুর রহমান ফয়েজ জানান, তানিয়ার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর কলহ চলছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।