লালমনিরহাট প্রতিনিধি : বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরী বৃদ্ধির দাবীতে লালমানরহাট জেলা বিসিআইসি (বাফা) সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে। এতে করে লামনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে বিসিআইসি (বাফা) সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেন।
এ বিষয়ে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম বাবু জানান, ঠিকাদারদের কারনে শ্রমিকরা ৭ মাস থেকে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
জানা গেছে, সার গোডাউনের ৩ শত লোড-আনলোড শ্রমিক রয়েছে। তাদের অভিযোগ ৭মাস থেকে বিসিআইসি’এর সার লোডিং মজুরী পরিশোধ বন্ধ রয়েছে। এছাড়া পূর্বে ১৭ টাকা ৮০ পয়সা মজুরী ছিল কিন্তু সম্প্রতি তা কমিয়ে সাড়ে ৫টাকা করা হয়েছে ।
এ বিষয়ে বিসিআইসি (বাফা) সার গোডাউনের ইনচার্জ আব্দুল হানিফ জানান, জুন ২০১৫ থেকে ১৬ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন বিল সংশ্লিষ্ট দফ্তরে পাঠানো হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই এ বেতন শ্রমিকরা পাবেন।
লালমনিরহাট জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জ্মাান মনির জানান, বাফা‘র সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীটি যৌক্তিক। তিনি বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে লোড-আনলোড শ্রমিকদের মজুরী টন প্রতি ৪০ টাকা নির্ধারন ও বকেয়া মজুরী দ্রুত পরিশোধের দাবী করছি। তা না হলে জেলার সকল শ্রমিকরা বাফা‘র সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।