ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ‘শুধু মুখের কথাই নয়, আমরা বাস্তবেও কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করব না। এটা আমাদের অঙ্গীকার। কোথাও কোনো ছাড় দেব না।’
রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শাহ নেওয়াজ আরো বলেন, ‘আমরা প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রেখেছি। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্সও থাকবে। আপনারা ভোট দিতে যাবেন। কোনো সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না, সেভাবেই নির্দেশনা দিয়েছি। এরপরও কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন।’
অপরাধী যে পর্যায়ের হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ৭২১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে মঙ্গলবার ।
এ প্রসঙ্গে শাহ নেওয়াজ বলেন, ‘রোববার মধ্য রাত থেকে কোনো পক্ষ বা প্রার্থী আর প্রচার চালাতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু কিছু স্থানে বিছিন্ন ঘটনা ঘটেছে। এটা আমাদের নজরে এসেছে।’