কুমিল্লা : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ, পরীক্ষা ও সব ধরনের দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ রেখে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার ঢাকা থেকে কুমিল্লা রোডমার্চ শেষে নগরীর কান্দিরপাড়ে আন্দোলনরতদের সঙ্গে সংহতি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
কর্মসূচি ঘোষণা করে ইমরান এইচ সরকার বলেন, ‘বুধবার সারাদেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করবেন। আমি সকলকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাই। আমরা তনু হত্যার বিচার দাবিতে মাঠে নেমেছি। এর বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’
তিনি আরো বলেন, ‘অবিলম্বে তনুর খুনি ও ধর্ষকদের গ্রেফতার করে এমন শাস্তি দিতে হবে যাতে এ ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকে।’ আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি ফাঁসি থেকে কমিয়ে যাবজ্জীবন করার যে আইন হয়েছে, তা আবার সংশোধন করে ফাঁসি বহালের দাবি জানান ইমরান। যৌন নিপীড়নবিরোধী আইন কার্যকর করারও দাবি জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবীব রুমন, ভাস্কর রাসা, মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত প্রমুখ। কুমিল্লার কান্দির পাড়ের এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশ নির্বিঘ্ন করতে কান্দিরপাড় পূবালী চত্বর সংযোগস্থল লাকসাম রোড, চকবাজার, পুলিশ লাইন ও ভিক্টোরিয়া কলেজ রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ছাড়া সমাবেশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়।
এর আগে রোববার সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করে গণজাগরণ মঞ্চের রোডমার্চ।
রোডমার্চের শুরুতে ইমরান এইচ সরকার বলেন, ‘সারাদেশ আজ তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছে। এই হত্যার বিচার দাবিতে কুমিল্লার সাধারণ মানুষের যে আন্দোলন, তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এবং আড়াল করার চেষ্টা করা হচ্ছে। হত্যা-ধর্ষণের মাধ্যমে দেশে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আজকের রোডমার্চ। খুন করেও খুনিরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এর বিপরীতে জনগণ কিছুই করতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, সেই বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাব।’
গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ছয়টি বাসে করে যাত্রা শুরু করেন। গাড়িবহরের সামনে পিকআপ ভ্যানে থাকা মঞ্চের কর্মীরা স্লোগান দেন। তারা বলেন ‘ক্যান্টনমেন্টের ভয় দেখিয়ে, দমিয়ে রাখা যাবে না’ ‘ক্যান্টনমেন্টে বোন মরে, সেনারা কী করে’ ‘আমরা তনুর বোন-ভাই, তনু হত্যার বিচার চাই’। এ ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
রোডমার্চ থেকে প্রথমেই চিটাগাং রোডর শিমরাইলে পথসভা করা হয়। এরপর কাঁচপুর, গৌরীপুর, চান্দিনা মাধাইয়া, চান্দিনা বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে, নিমসার বাজার ও আলেখার চর মহাসড়কে পথসভা হয়।
এর মধ্যে বিকেল সোয়া ৩টায় কুমিল্লা সেনানিবাস থেকে ১০০ গজ দূরে ইস্টার্ন ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশনের সামনে সমাবেশ হয়। তনু হত্যার বিচার দাবিতে অনেক সমাবেশ হলেও ক্যান্টনমেন্টের সামনে এটাই প্রথম সমাবেশ বলে জানিয়েছেন এলাকাবাসী।
এর আগে সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদের সামনে রোডমার্চে অংশগ্রহণকারীরা নামলে সেখানে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তখন পুলিশের সঙ্গে কথা বলে ইমরান এইচ সরকারসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যান্টনমেন্ট ফটকের বাইরে চলে আসেন।
আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার বিষয়ে সহকারী পুলিশ সুপার সোলায়মান মিয়া বলেন, ‘ক্যান্টনমেন্টের সামনের এ এলাকায় গাড়ি প্রচুর চাপ ছিল। সেজন্য তাদেরকে সামনের দিকে সমাবেশ করতে বলা হয়েছে।’