সিসি নিউজ: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাত্র দুদিন আগে ৪১টি ইউপিতে ভোট হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টের মামলা চলমানসহ নানা সমস্যার কারণে ঘোষিত ৬৮৪ ইউপি থেকে ৪১টি ইউপি বাদ রাখার এ সিদ্ধান্ত নিতে হয়েছে কমিশনকে। সোমবার রাতে ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে নীলফামারী সদরের দুটি ইউনিয়ন রয়েছে। ইউনিয়ন দুটি হলো খোকশাবাড়ী ও টুপামারী।
এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান বলেন, বিভিন্ন জটিলতার কারণে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করার পরও ৪১টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ ইউপিগুলোর কিছু কিছু সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টে মামলা চলমান, মেয়াদপূর্ণ না হওয়া, ভোটার তালিকা পুনঃবিন্যাস না হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।