দিনাজপুর প্রতিনিধি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, রুহুল কবির রিজভী আহম্মেদকে সিনিয়র যুগ্ম মহাসচিব, মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দিনাজপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযাগি সংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, কেতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আইয়ুব আলী শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল ও সাধারণ সম্পাদক আফজাল খান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ও সিনহাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (৩০ মার্চ) ঢাকায় দয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সোয়া ১১টায় এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের পক্ষে এ ঘোষণা দেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে যুগ্ম মহাসচিব থেকে রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে দলের কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়।
২০১১ সালের ১৬ মার্চ বিএনপির তৎকালিন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যান। এর পরপরই সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া। ২০০৯ সালের ২৯ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে মির্জা আলমগীরকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। মির্জা ফখরুল প্রায় ছয় বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেয়ার পর তিনি ছয়বার কারাবরণ করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৮৮টি মামলা রয়েছে। ৩৫টি মামলায় ফখরুলের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ১ আগস্ট ঠাকুরগাঁওয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন শিক্ষকতা পেশায়। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয় রাজনীতিতে আসেন।
মির্জা ফখরুল এর আগে কৃষি, পর্যটন ও বেসরকারী বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।