রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে মসজিদের জায়গা হস্তান্তর করা নিয়ে সম্প্রতি এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে গুরুত্বর আহত মজিবর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মঙ্গলবার রাত ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের ৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় বুধবার রাতে আবেদ আলীর পুত্র রানু মিয়া বাদী হয়ে আব্দুস সোবহান আলীকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। বর্তমানে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করায় যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাকিরপশার ইউপির রতিরাম কমলওঝাঁ এলাকায় বুধবার দিবাগত রাতে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউপির রতিরাম কমলওঝাঁ পাইকপাড়া জামে মসজিদের স্থান পরিবর্তন ও মসজিদের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাটকে কেন্দ্র করে গত ১৬ ফেব্র“য়ারী সকাল ৮টায় মসজিদ কমিটির সেক্রেটারী হোসেন আলীর সঙ্গে পার্শ্ববর্তী আলহাজ্ব আবেদ আলী গংদের বাকবিতন্ডা শুরু হলে এরই এক পর্যায়ে হোসেন আলীর ছোট ভাই মজিবর রহমান (৫৫) কে প্রতিপক্ষ আবেদ গংরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ১৪দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১মার্চ রাত ১২টার দিকে মজিবর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সংঘর্ষে ১৬ ফেব্র“য়ারী রাতে মজিবরের বড় ভাই হোসেন আলী বাদী হয়ে আলহাজ্ব আবেদ আলীকে প্রধান আসামী করে ৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৫, তাং-১৬-০২-২০১৬ ইং। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বুধবার রাতে রানু মিয়া বাদী হয়ে সোবহান আলীকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক ৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।