জয়পুরহাট: জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণে আজ শনিবার দু’গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট হারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুর আড়াইটার দিকে রফিক-মোস্তফা প্যানেলের সমর্থনে এক দল বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই শুরু করে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী শিপলু গ্রুপের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে।
রফিক-মোস্তফা প্যানেলের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিল। এ সময় কে বা কারা গোলমাল করেছে তা জানেন না।
তিনি পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা তমিজার রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে হঠাৎ গণ্ডগোল শুরু হয়। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোটগ্রহণ স্থগিত করে ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে।’