সীতাকুন্ড: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার একটি ঘর থেকে সীতাকুণ্ড উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র দে’র (৬১) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের পরণের প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক চন্দ্র দে উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উদীচী সীতাকুণ্ড শাখার সভাপতি।
সীতাকুণ্ড থানার এসআই আশরাফুল আলম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দীপক চন্দ্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি কাঁচা ঘরের চালার সাথে ফাঁস লাগানো অবস্থায় ছিলো। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
এদিকে দীপক চন্দ্র দে’র মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। মঙ্গলবার বিকেলে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মুশতারি শফি, সহ-সভাপতি ডা.চন্দন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা সাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এ বিবৃতিতে এ দাবি জানানো হয়।