আন্তর্জাতিক ডেস্ক: পানামা পেপারস এ কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দুর গানলুগসন।
মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
পানামার ল ফার্মটির ফাঁস হওয়া এক কোটি ১০ লাখ গোপন নথিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম থাকায় তার পদত্যাগের জন্য সোমবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে জনতা।
সিগমান্দুর বিরুদ্ধে উপকূল উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। উপকূল উন্নয়ন প্রতিষ্ঠান উইনট্রিস-এর মালিকানা রয়েছে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর। জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগে উপকূল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল এই প্রতিষ্ঠানই।
তবে, সিগমান্দুর গানলুগসন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বের যে ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ীরা এখন চাপের মুখে পড়েছেন। তাদের মধ্যে গুনলাগসনই প্রথম পদত্যাগ করলেন।
‘পানামা পেপার্স’ নামে পরিচিতি পাওয়া গোপন দলিলপত্রকে এযাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে। ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে নাম করা সেলিব্রেটি- অনেকের কর ফাঁকির গোপন তথ্য বেরিয়ে এসেছে এসব দলিলপত্রে। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়।
সূত্র: বিবিসি, আলজাজিরা