মানিক হোসেন, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউপি নির্বাচন-১৬ এর পোলিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী প্রশিক্ষনের সম্মানী ভাতার অর্থ প্রদানে গড়িমসি করার অভিযোগ উঠেছে ভাঙ্গুড়া নির্বাচন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। নির্বাচনী দায়িত্ব পালনকারী পোলিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসাররা সংবাদকর্মীদেরকে জানান যে গত ২৪ মার্চ নির্বাচনী প্রশিক্ষন অনুষ্ঠিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা নানা অজুহাতে তাদের প্রাপ্য সম্মানী ভাতা প্রদান করতে টালবাহানা করছে অথচ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার নির্বাচনী প্রশিক্ষণার্থীদের ২৭ মার্চ প্রশিক্ষনের দিনই সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন যে বিদ্যালয় থেকে ছুটি না পেলে তাদের এই অর্থ উত্তোলন করা সম্ভব হবেনা জেনেও খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের বিভিন্ন দূর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বেশী হয়রানী করছে।এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলার নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী বলেন যে প্রশিক্ষনের সম্মানী ভাতার অর্থ প্রশিক্ষনের দিনই প্রদানের জন্য অফিসের কর্মচারী সোলেমান আলী, ইমতিয়াজ আলী ও জয়নুল আবেদীনকে দায়িত্ব দেয়া হয়েছিল,কিন্তু সে এখনো অনেককে ভাতা দেয়নি বলে আমার কাছেও অভিযোগ এসেছে। উল্লেখ্য যে বিগত বিএনপি সরকারের আমলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নেও অভিযোগ ওঠেছিল স্থানীয় প্রভাবশালী এই কর্মচারী সোলেমান আলীর বিরুদ্ধে।