সিসি নিউজ : দিনাজপুরে শ্বাসরোধ করে এক পান ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার শালবাগানের নির্জন স্থানে এলাকাবাসী পান ব্যবসায়ী আব্দুর রউফ (৪০)র লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহত রউফ বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের চকশুলবান গ্রামের আকবর আলীর পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রউফ মঙ্গলবার বিকেলে পান বিক্রির জন্য স্থানীয় কেটরা বাজারে আসেন। রাতে বাজার থেকে বাড়ী ফেরার কথা থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পুলিশের ধারনা বাড়ী ফেরার পথে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ শাল বাগানের নির্জন এলাকায় ফেলে যায়। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বুধবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।