ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে চলমান ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পথসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা জাপা সভাপতি সাবেক সংসদ সদস্য। এ হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি নামক স্থানে।
এ সময় হামলাকারীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে দুইটি মোটরসাইকেল ভাংচুর ও দুইজনকে গণধোলাই দেয় এলাকাবাসী। এলাকাবাসীর হামলায় আহতরা হলেন, হাবিব ও বিশ্বজিৎ। তাদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাতেই দুইজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, শালহাটি বাজারে নাউতারা ইউনিয়নের জাতীয় পাটির চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মিন্টুর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। পথসভা শেষে তারা মসজিদে নামাজ শেষে বের হয়ে এলে ১০/১২টি মোটরসাইকেলে ২০/২৫ জন যুবক এসে জাফর ইকবাল সিদ্দিকীর ওপর হামলা চালায়। এতে তিনি সহ দলের চেয়ারম্যান প্রার্থী আহত হয়। এ সময় এলাকাবাসীর সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীদের ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল এলাকাবাসী ভাংচুর করে।
এ ব্যাপারে জাফর ইকবাল সিদ্দিকী সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আমাকে এলাকায় ঢুকতে দেবে না বলে ঘোষনা দেন। এ আক্রমন তার প্রেক্ষিতে হয়েছে বলে তিনি মনে করছেন। ঘটনার পর পরেই তিনি ডিমলা থানার ওসিকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে ডিমলা থানার র্ভারপাপ্ত কর্মকর্তা রুহুল আমিন হামলাকারীদের দুইটি মোটর সাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জাফর ইকবাল সিদ্দিকীর ওপর হামলার চেষ্টা করার সময় এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় হামলাকারীদের ফেলে আসা দুইটি মোটরসাইকেল এলাকাবাসী ভাঙচুর করে।