আন্তর্জাতিক ডেস্ক : গত এক সপ্তাহ ভারতের ওডিশা ও অন্যান্য রাজ্যে অতিরিক্ত তাপপ্রবাহে অব্যাহত রয়েছে। এতে ওডিশা রাজ্যে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত পাঁচ বছরে এটি সবচেয়ে উষ্ণতম এপ্রিল। ধারণা করা হচ্ছে, এই অবস্থার আরো অবনতি হবে। দেশজুড়ে অনাবৃষ্টি ও বিশুদ্ধ খাওয়ার পানির অভাব এই গ্রীষ্মকে আরো বেশি অস্থির করে তুলেছে।
দেশটির সরকার বলছে, দেশের ৯১টি প্রধান পানি সংরক্ষণাগারে গত ১০ বছরের মধ্যে পানির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং এই হার শতকরা ২৩ ভাগ।
এদিকে ওডিশার বিভিন্ন জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। কর্তৃপক্ষ ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রকৌশলী ও কর্মচারীরা খাওয়ার পানি নিশ্চিত করতে কাজ করছেন।
অন্যদিকে তেলেঙ্গানা সরকার রাজধানী হায়দরাবাদসহ অন্যান্য স্থানে মঙ্গলবার ও শুক্রবার দাবদাহের সতর্কতা জারি করেছে। গত কয়েক দিনে তেলেঙ্গানায় দাবদাহে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মহারাষ্ট্রের মারাঠা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও একই অবস্থার সৃষ্টি হতে পারে।
এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া স্কাইমেট নামে বেসরকারি একটি আবহাওয়া পূর্বাভাস সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তর ও মধ্যপ্রদেশে আগামী দুই দিনে ধারাবাহিকভাবে ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
আর কর্ণাটক রাজ্য এই বছরই প্রথম খরা ঘোষণা করে। এই রাজ্যের অন্তত ৫০০টি গ্রাম ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহকারীদের ওপর সম্পূর্ণভাবে নির্ভশীল হয়ে পড়েছে।