নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রলি ও ইউপি নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারনার গাড়ীর চাকায় চাপা পড়ে পৃথক ঘটনায় এক শিশু সহ দুই জন নিহত হয়েছে। এ দুর্ঘটনা দুটি ঘটে জেলার ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুকুর ও তালতলা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার দুপুরের দিকে বাইশপুকুর এলাকায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ট্রলির হেলপার বেলাল হোসেন (৩৫)। সে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে। অপরদিকে মঙ্গলবার বিকালে ডিমলা উপজেলার নিজপাড়া এলাকায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচারনার গাড়ীতে চাপা পড়ে ওই গ্রামের ধরেয়া মাহমুদের ৪বছরের শিশু মেয়ে ঝর্ণা। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার শিশুটি মৃত্যু ঘটে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান বিষয়টি নিশ্চিত করেন।