নীলফামারী প্রতিনিধি: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরী জাতীয়করণসহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল হতে পাওয়ার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন নীলফামারী জেলা শাখা। আজ বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার চার পৌরসভার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু, মোহাম্মদ সুজন, রউফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।