
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেছেন বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের দক্ষ করে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে স্ববলম্বী করতে হবে।
বুধবার দিনাজপুর সদর উপজেলা ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ হল রুমে এলজিএসপি-২, ২০১৪ -২০১৫ বাস্তবায়নের কাল ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এবং কর্মসংস্থানের লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের বাস্তবায়িত এ্যাকসেস টু লাইভলী হুড্স্ প্রকল্পের প্রশিক্ষণরত দর্জি প্রশিক্ষণে উত্তীর্ণ ১১ জন প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মজিদ, বিনয় চন্দ্র সরকার, মোঃ আকরাম আলী, নুর আলী সাগর, ইউপি সদস্যা দীপ্তি রানী রায়, জোস্না রাণী রায়, কুলসুম বানু নারগিস ও ইউপি সচিব মোঃ আনোয়ার সাদাত। প্রধান অতিথি প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন ও পাদানী বিতরণ করেন এবং শেখপুরা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান ও গদিওয়ালা চেয়ার প্রদান করেন।
ফুলবাড়ীতে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ১৩৫ জন
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তার মধ্যে ট্যালেন্টপুলে ৩৫ জন ও সাধারণ গ্রেডে ১০০ জন। এর মধ্যে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৮জন ও সাধারণ গ্রেডে ৭ জনসহ মোট ২৫ জন বৃত্তি পেয়ে বরাবরের ন্যায় আবারোও উপজেলার শীর্ষস্থান দখল করেছে।
গত ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল গত ১৯শে এপ্রিল মঙ্গলবার প্রকাশিত হয়। এই ফলাফলে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার শীর্ষে অবস্থান করায় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে। বৃত্তিপ্রাপ্ত অন্যান্য বিদ্যালয়গুলো হচ্ছে কোয়ালিটি ইংলিশ মিডিয়াম ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ৬ জন, ফুঁলকুঁড়ি বিদ্যানিকেতন ট্যালেন্টপুলে ৩ ও সাধারণে ২, উত্তর সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারণ ৩, ক্যাডেট একাডেমি ট্যালেন্টপুলে ১ ও সাধারণে ৬, আলহেরা বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারণে , হোসনে আরা ক্যাডেট একাডেমি ট্যালেন্টপুলে ১ ও সাধারণে ২, ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণে ২জন, রেজিয়াখাতুন সাধারনে ২, বীর মুক্তিযোদ্ধা সাধারণে ৬, সিদ্দিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১, রাঙ্গামাটি রাইফেলস ট্যালেন্টপুলে ১ করে বৃত্তি পেয়েছে। এছাড়া ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ভিত্তিক কোঠায় সাধারণ গ্রেডে অন্যান্য বিদ্যালয়গুলো থেকে বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য সমাপনী পরীক্ষার ফলাফলেও ৭০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষ স্থান অধিকার করে ছিল ফুলবাড়ীর সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।