নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আলী ও আ.লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস বাবুলের সমর্থকদের মধ্যেএ সংঘর্ষ হয়।
আনারস প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস বাবুল, তার ভাই আবদুল ওয়াদুদ ওরফে রতন মাস্টার, চাচাত ভাই শামীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও লিটন মিয়া, আবদুল আওয়াল স্বপন এবং নৌকা প্রতীকের সমর্থক ইঞ্জিল হক, মঞ্জিল হক, শহীদুল হক ও মোজাম্মেল হকেকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, আওয়ামী লীগ দলীয় ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপরে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।