সিসি নিউজ: সৈয়দপুরে জনৈক ঠিকাদার আবাসিক এলাকার মধ্যে পিচ গলানোর কাঁচামাল হিসেবে তুষের পরিবর্তে সাইকেলের পুরনো টায়ার, পায়ের জুতা ও সেন্ডেল ব্যবহার করায় ৪’শ পরিবার চরম ভোগান্তিতে ভুগছেন। ওইসব পণ্যের তীব্র ঝাঁঝালো গন্ধে বমি ও শ্বাষকষ্টে কারণে অসুস্থ্য হয়ে পড়েছে শিশুসহ ১০ নারী-পুরুষ। স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলেও বিষয়টি তারা এড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অবশেষে স্থানীয় জনগন আজ মঙ্গলবার ঠিকাদারের ওই কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া তালেব কোয়ার্টার এলাকায়।
সূত্রমতে, শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি রাস্তা মেরামতে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার তালেব কোয়ার্টার সংলগ্ন কাছারী মাঠে পিচ (বিটুমিন) গলানোর কাজ করছিলেন। পিচ গলানোর কাজে তিনি তুষের পরিবর্তে ব্যবহার করছিলেন সাইকেলের পুরনো টায়ার, পায়ের জুতা ও সেন্ডেল। আর এসব কাঁচামালের তীব্র গন্ধে ওই এলাকার প্রায় ৪’শ পরিবার পড়ে চরম ভোগান্তিতে। কালো ছাইয়ের আস্তর পড়ে যায় ওই এলাকার বাসা-বাড়িতে। ধোঁয়ার কারণে মরে যাচ্ছে কাছারী মাঠের একটি গাছ। শিশুরা কাঁশতে কাঁশতে করছে বমি। এদের মধ্যে আজ মঙ্গলবার চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে মাওয়া (৫), সিয়াম (৬), ইয়ামিন (২) ও সোয়ানকে (১০)। শ্বাষকষ্টে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সহিদা বেওয়াকে (৬০)।
ওই মহল্লার মাহবুল, বাবু, লেমন, মুক্তা, রফিকুল জানান, দু’দিন থেকে ঠিকাদারকে বিষয়টি জানানো হলেও তিনি কোন প্রকার কর্ণপাত করেননি। মাঠের অনুমতি কিভাবে পেলো- এজন্য ভূমি অফিসের তহসিলদারকে জিজ্ঞাসা করা হলে তিনি রাগাম্বিত হয়ে জানান, সরকারী গাছ মরছে তাতে তোমাদের কি? তারা বলেন, অন্য ওয়ার্ডের রাস্তার কাজ চলছে এবং পাশেই সিংগি পুকুরে খোলা জায়গা রয়েছে, অথচ ঠিকাদার আড়ালে এমন অন্যায় কাজ করার জন্য আবাসিক এলাকার এমন স্থানটি বেছে নিয়েছে। স্থানীয় দুই কাউন্সিলরকে বিষয়টি অবহিত করা হলেও জনপ্রতিনিধিদ্বয় পুরো বিষয়টি এড়িয়ে যায়। তাই এলাকাবাসী সংশিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর সাথে কথা হলে তিনি সিসি নিউজকে জানান, তিনি আজ বিকেলে ঘটনাটি শুনেছেন। কিন্তু ব্যস্ততার কারণে এখনও ঘটনাস্থলে যেতে পারেননি বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে জানান, জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলে এমন কাজ যে কেহই করুক না কেন তা অন্যায়।