সিসি নিউজ: দেশপ্রেমিক জনগণের মঞ্চ’র চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক বলেছেন, তিস্তায় পানি না এলে ঢাকাবাসী মরবে, দেশও মরবে। মঙ্গলবার রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের পক্ষে সমসাময়িক বিষয়ের ওপর ‘তিস্তায় পানি নেই তাই ঢাকায় পানি নেই’ শীর্ষক ৩৫৭ নম্বর অবস্থানপত্র তুলে ধরে তিনি একথা বলেন।
প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, সরকারী দলের কিছু মুর্খ তিস্তা চরের জমি দখল করে বলছে, তিস্তায় পানির দরকার নেই। তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তারা জানে না, তিস্তায় পানি না এলে ঢাকাবাসী মরবে, দেশ মরবে। উজানের পানি সরালে ভাটি শুকোবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীর অনেক এলাকার ডিপ টিউবওয়েলে আগের মত আর পানি উঠছে না। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এর কারণ দূরবর্তী নদী থেকে মাটির তলা দিয়ে পুনর্ভরণের জন্য আর পানি আসছে না।
এই পানি বিশেষজ্ঞ আরও বলেন, ঢাকায় মাটির নিচে পানির স্তরে যোগান দেয় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। যা বংশী, শীতলক্ষ্যা, পুঙ্গলী ও ধলেশ্বরী নদীরতলা দিয়ে এদিকে আসে। এসব মূল ব্রহ্মপুত্রের শাখা নদী। কিন্তু ভারত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানি সরিয়ে নেওয়ায় পদ্মাতে পানি কম আসে। এতে ব্রহ্মপুত্রের পানি যমুনা দিয়ে গোয়ালন্দের দিকে পদ্মায় চলে যায়।
তিনি বলেন, আগে তিস্তার পানি ব্রহ্মপুত্রের সঙ্গে মিলে চাপ সৃষ্টি করে ঢাকার দিকে আসতো। বিগত কয়েক বছর ভারত তিস্তার প্রবাহ সম্পূর্ণ রোধ করে বিহারের দিকে নিয়ে যাচ্ছে। ফলে ঢাকার দিকে আর পানি আসছে না। তিস্তা নদীর পানি প্রবাহের অভাবে বাংলাদেশে তিস্তা সেচ প্রকল্প মার খাচ্ছে। তিস্তার পানি সরিয়ে নেওয়ায় এর অববাহিকায় বরেন্দ্রভূমির ভূগর্ভস্থ পানির স্তর ফেব্রুয়ারি থেকে নেমে যাচ্ছে।