সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী প্রনবেশ চন্দ্র বাগচী ওরফে দুলাল বাবুকে সমর্থন দিয়ে প্রচারনায় নেমেছে ওই ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে বিদ্রোহী প্রার্থী দুলাল বাবু’র পক্ষে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে নির্বাচনী প্রচারনা শেষে এক পথসভা করেছে। পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন খান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। ওই পথসভায় ইউনিয়নের প্রায় দেড় হাজার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
যুবলীগ বাঙ্গালীপুর ইউনিয়ন শাখার সভাপতি লিটন সাংবাদিকদের বলেন, টাকার বিনিময়ে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের নেতারা বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনবিচ্ছিন্ন এক আ’লীগ নেতাকে মনোনয়ন দিয়েছে। অথচ ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আ’লীগের ত্যাগী নেতা দুলাল বাবু নিশ্চিত মনোনয়ন পাবে এ আশায় বিগত দু’বছর থেকে নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছে। তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির গঠনতন্ত্র উপ-পরিষদ যেখানে দলীয় গঠনতন্ত্র সংশোধন করতে তৃণমূল নেতা-কর্মীদের মতামত নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে, সেখানে আ’লীগের স্থানীয় নেতারা অর্থের বিনিময়ে তৃণমূল নেতা-কর্মীদের মতামত না নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিতর্কিত একজন মানুষকে মনোনয়ন দিলেন। যিনি দীর্ঘ পাঁচ বছর ওই পদে থাকাকালীন জনগনকে শুধু ধোকা দিয়েছেন। তিনি একজন প্রতিশ্রুতি ভঙ্গকারী। ইউনিয়নের উন্নয়ণ নয়, তিনি শুধু নিজের উন্নয়ণ করেছেন। দলের সভাপতি হয়েও তিনি দলের নেতাকর্মীদের বিন্দুমাত্র মূল্যায়ণ করেনি।
আ’লীগের বিদ্রোহী প্রার্থী প্রনবেশ চন্দ্র বাগচী (দুলাল বাবু) সিসি নিউজকে বলেন, ৭০ সাল থেকে আ’লীগ রাজনীতির সাথে জড়িত। মৃত্যু পর্যন্ত এ রাজনীতির সাথে যুক্ত থাকবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে দল বহিস্কার করলেও আমার অন্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহিস্কার করতে পারবে না। তিনি বলেন, জনগন যেমন আমার সাথে আছে, তেমনি আমিও জনগনের সাথে আছি।