সিসি নিউজ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া বিলের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের গত এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি এবং গত বছরে জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া বিলের ২৪টি চেকসহ সর্বমোট ৩৬টি চেক হিসাব পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
তথ্য বিবরণীতে আরো বলা হয়, আগামী ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে গত এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ এবং গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এমপিওভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আট মাসের বকেয়া উত্তোলন করতে পারবেন।
এছাড়া গত মার্চ মাসের বেতন-ভাতার এমপিও কপি অথবা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সব প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সব প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।