সিসি নিউজ: বাংলাদেশ কমার্স ব্যাংকে এলসি (ঋণপত্র) খোলার মাধ্যমে প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে নীলফামারী-৪ আসনের সাংসদ
আলহ্বাজ মো. শওকত চৌধুরী ও ব্যাংকটির ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ মে) রাজধানীর বংশাল থানায় অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদি হয়ে মামলাটি (মামলা নং-৫) করেন। আসামিরা হলেন-নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বংশাল শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, একই ব্যাংকের চাকুরিচ্যূত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ফাস্ট এক্সিকিউটিভ অফিসার শিরিন নিজামী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম,সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেখার হোসেন, সাবেক এসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ বাউল এবং সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসজাদুর রহমান।মামলার এজাহার সূত্রে অভিযোগের বিষয়ে জানা যায়,রআসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা হতে মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুইটি এলসি খুলে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ব্যাংকের ৮২ লাখ ৮৯ হাজার ৮৯৫ টাকা উত্তোলন করেন। যা পরবর্তীতে সুদাসলে ১ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৯১ টাকা হয়।উক্ত টাকা উত্তোলন পূর্বক আত্মসাত করার অভিযোগ দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হয়েছে।আসামিরা ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্য্ন্ত সময়ের মধ্যে ওই টাকা উত্তোলনপূর্বক আত্মসাত করেছেন।