সিসি নিউজ : সরকারি কর্মচারি যারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে এখনো অনলাইনে বেতন নির্ধারণ করেননি, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে অনলাইনে বেতন নির্ধারণ করতে হবে। অন্যথায় আগামী জুলাই থেকে তাদের বেতন সাময়িকভাবে স্থগিত রাখা হবে। এ বিষয়ে সোমবার রাতে অর্থমন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে একটি পরিপত্র জারি হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আদেশ গেজেট আকারে প্রকাশের পর সব সরকারি চাকরিজীবীর জন্য বাধ্যতামূলকভাবে অনলাইনে বেতন নির্ধারণ ব্যবস্থার প্রচলন করা হয়েছে। যার মাধ্যমে সব সরকারি চাকরিবীবীর বেতন ও অন্যান্য তথ্য সম্বলিত একটি নির্ভুল ডাটাবেজ প্রস্তুত হচ্ছে।
এই ডাটাবেজ ব্যবহার করে সরকারি চাকরিজীবীদের জন্য একটি আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম প্রণয়নের কাজ চলমান রয়েছে, যার মাধ্যমে বেতন-ভাতা নির্ধারিত ব্যাংক একাউন্টে যথাসময়ে প্রেরণ, স্বয়ংক্রিয়ভাবে শেষ বেতনের প্রত্যয়ণপত্র (এলপিসি) প্রণয়ন, বেতন-ভাতা সংক্রান্ত সরকারি ব্যয়ের নির্ভুল হিসাবায়ন, অবসরে যাওয়ার কর্মচারিদের পেনশন প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করা ইত্যাদি কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে একদিকে যেমন সরকারের আর্থিক ব্যবস্থাপনায় মান উন্নত হবে, অপরদিকে সরকারি কর্মচারিরাও উন্নততর সেবা পাবেন।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে বেতন নির্ধারণের ব্যবস্থাটি গত ২০১৫ সালের ১৫ ডিসেম্বর থেকে চালু এবং অধিকাংশ সরকারি কর্মচারি এ সুবিধাটি গ্রহণ করে সফলভাবে অনলাইনে তাদের বেতন নির্ধারণ করেছেন ও নতুন স্কেলে বেতন আহরণ করেছেন। তবে, জাতীয় পরিচয়পত্রের তথ্যগত ভুল সংশোধন ও অন্যান্য বিভিন্ন কারণে এখনো স্বল্পসংখ্যক কর্মচারি অনলাইনে বেতন নির্ধারণ করতে পারেননি। নতুন স্কেলে বেতন নির্ধারণ করতে না পারায় এসব কর্মচারি এখনো জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে বেতন গ্রহণ করছেন। কিন্তু শতভাগ কর্মচারির নতুন স্কেলে বেতন নির্ধারণ না হওয়ায় প্রণীত ডাটাবেজ অসম্পূর্ণ রয়ে যাচ্ছে, যা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কাজকে বাধাগ্রস্থ করছে।
এ প্রেক্ষাপটে দ্রুততম সময়ের মধ্যে সব কর্মচারির অনলাইনে বেতন নির্ধারণ নিশ্চিত করতে বেশ কটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলোর মধ্যে রয়েছে, যেসব কর্মচারি জাতীয় বেতন স্কেলে ২০১৫ অনুসারে এখনো অনলাইনে বেতন নির্ধারণ করেননি, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে।
যেসব সরকারি কর্মচারি এ নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বেতন নির্ধারণ করতে ব্যর্থ হবেন, তাদের বেতন পরিশোধ আগামী জুলাই (যা ১ আগস্ট ২০১৬ তারিখে প্রদেয়) থেকে সাময়িকভাবে স্থগিত থাকবে।
যেসব কর্মচারির জাতীয় পরিচয়পত্র নেই এবং বর্তমান কর্মস্থল থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সুযোগ নেই, তারা যাতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়টি তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিশ্চিত করবেন। যাদের বেতন পরিশোধ স্থগিত থাকবে তারা পরবর্তীতে সফলভাবে অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করলে যথানিয়মে বেতন পাবেন।